সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ১৫টি ইলিশ মাছ ধরার অবৈধ জাল আটক করেছে মৎস অধিদপ্তর। আটক করা ১ লাখ মিটার এসব জালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গতকাল রোববার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লার পরিচালক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্ট গার্ড, ভাটিয়ারী জোন। মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।












