‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে বিএনপি

বাগমনিরামে চাল বিতরণ অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যেরও প্রতীক। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’–এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। তাই ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার নগরীর চট্টেশ্বরী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, একটি বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে।

মহানগর বিএনপি নেতা শহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ। এ সময় শফিক আহমেদ, ইউনুস চৌধুরী হাকিম, রাসেল পারভেজ সুজন, রফিক সর্দার, জামান আহমেদ, নাছির উদ্দীন, ওবায়দুল হক, ইদ্রিস, জিসান, এনামুল হক, মুন্না, রাশেদুল ইসলাম, মেজবাহ উদ্দিন, আব্দুল লতিফ, মো. আব্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে সতর্ক আফগান কোচ