জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

‘মানুষ গড়ার দৃঢ প্রত্যয়ে, এগিয়ে চলা নিরন্তর’–স্লোগানে পটিয়া উপজেলার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নান্দনিক গণিত, বিজ্ঞান, বাংলা অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা উম্মোচন পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য রুহুল আমিন রবিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গাজী নুরুল করিম। অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা, ছড়া এবং কৌতুকসহ বিভিন্ন বিষয়ের উপর প্রকাশিত দেয়ালিকা উম্মোচন করেন। পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে একে একে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শয়ন, ফাতমী সোহনী আরসালান ও শর্মিলা দাশের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাইফুল ইসলাম টিটু, সাহাব উদ্দীন খোকন, জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ। এছাড়াও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নাঈমা আকতার। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাত দফা দাবিতে কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে বিএনপি