শরতের নীল আকাশে শুভ্র মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাসে প্রকৃতি যখন অপরূপ সাজে সেজে ওঠে, তখন ঢাকের মঙ্গলধ্বনি ও আগমনী সুরে মুখরিত হয় বাংলার আকাশ–বাতাস। ভক্তহৃদয়ে জাগে এক পবিত্র অনুভব জগজ্জননী মা দুর্গার আগমন। তিনি আদ্যাশক্তি মহামায়া, মহিষাসুরমর্দিনী, অশুভবিনাশিনী ও মঙ্গলময়ী জননী। তাঁর আবাহন কেবল উৎসবের সূচনা নয়, ভক্তির জাগরণ, আত্মশুদ্ধির আহ্বান এবং ধর্ম ও সত্যের পথে নব প্রত্যয়ের মুহূর্ত।
সনাতন শাস্ত্রে দেবী দুর্গা পরমা শক্তির প্রতীক, যিনি সৃষ্টির অন্তর্নিহিত শক্তি ও ধর্মরক্ষার মহিমায় অধিষ্ঠিতা। দেবী মাহাত্ম্য অনুসারে, মহিষাসুরের অত্যাচারে ত্রিভুবন বিপর্যস্ত হলে দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূতা হন মহাশক্তি দুর্গা। মহিষাসুরকে বধ করে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেন ধর্ম ও শান্তি। এই লীলা স্মরণ করিয়ে দেয় অহংকার ও অধর্ম যতই প্রবল হোক, সত্য ও ন্যায়কে চিরকাল দমন করা যায় না। দেবীর দশভুজা রূপে প্রকাশিত অপরাজেয় সাহস, আর তাঁর করুণাময়ী মুখে প্রতিফলিত শরণাগতের প্রতি অভয় ও আশ্রয়ের প্রতিশ্রুতি।
মহাষষ্ঠীর বোধন থেকে বিজয়া দশমীর বিসর্জন দুর্গোৎসবের প্রতিটি পর্বের রয়েছে স্বতন্ত্র ধর্মীয় তাৎপর্য। সপ্তমীর পূজা, মহাষ্টমীর পুষ্পাঞ্জলি ও মহানবমীর আরাধনায় ভক্ত হৃদয় নিবেদিত হয় জগন্মাতার শ্রীচরণে। ধূপ–দীপ, শঙ্খধ্বনি, ঘণ্টার নিনাদ ও মন্ত্রোচ্চারণে পূজামণ্ডপ হয়ে ওঠে ভক্তি ও পবিত্রতার মিলনক্ষেত্র। তখন অঞ্জলির পুষ্প হাতে প্রার্থনা ব্যক্তিগত সুখের গণ্ডি ছাড়িয়ে পরিবার, সমাজ ও সমগ্র সৃষ্টির মঙ্গলকামনায় প্রসারিত হয়।
এই আরাধনার গভীরতম তাৎপর্য নিহিত আত্মশুদ্ধির সাধনায়। মহিষাসুর বধের আখ্যান আমাদের অন্তরের অসুরবৃত্তির বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা দেয়। লোভ, ক্রোধ, অহংকার, হিংসা ও বিদ্বেষ যখন বিবেককে আচ্ছন্ন করে, তখনই জীবনে অশুভের আধিপত্য বাড়ে। সত্যনিষ্ঠা, সংযম, ক্ষমা, দয়া ও ন্যায়পরায়ণতার চর্চাতেই সেই অশুভকে জয় করা সম্ভব। তাই মায়ের পূজা মানে কেবল পুষ্প–ধূপ–দীপ নিবেদন নয়, নিজের কলুষতা দূর করে জীবনকে ধর্ম ও সত্যের পথে পরিচালনার সংকল্পও। দেবী জগজ্জননী, মাতৃশক্তির চিরন্তন মহিমার প্রতীক। তাঁর আরাধনা নারীর মর্যাদা রক্ষা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং সকল জীবের প্রতি দয়াশীল হওয়ার শিক্ষা দেয়। ক্ষুধার্তকে অন্নদান, বিপন্নের সেবা ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়েই ভক্তি সার্থক হয়। বাহ্যিক পূজার সঙ্গে অন্তরের পবিত্রতা ও কর্মের সততা যুক্ত হলেই আরাধনা পূর্ণতা পায়। দুর্গোৎসব বাঙালির ধর্ম, শিল্প ও সংস্কৃতির মহিমান্বিত প্রকাশ। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে দৃশ্যমান আরাধনার সমাপ্তি হলেও ভক্তহৃদয়ে অম্লান থাকে বিশ্বাস। মায়ের বিদায় তাই তাঁর আদর্শকে জীবনে ধারণ করার অঙ্গীকার।











