চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও প্যারেড মাঠে খেলাধুলায় অংশগ্রহণকারীদের বিশুদ্ধ পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ‘সজীবতা’ নামে একটি রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে এ উদ্যোগের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থাপিত এ রিফ্রেশমেন্ট জোনে রয়েছে ডিপ টিউবওয়েল, অজুখানা, ওয়াশরুম ও টয়লেটের সুবিধা। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিক্ষার্থী ও খেলাধুলায় অংশগ্রহণকারীরা বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুবিধা পাবেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন রিফ্রেশমেন্ট জোনটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত ইকবাল ফারুকী ও মতি টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “শিক্ষার্থী ও খেলাধুলায় অংশগ্রহণকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন সংশ্লিষ্টদের জন্য উপকারী হবে এবং জনকল্যাণমূলক কাজে অন্যদেরও উৎসাহিত করবে।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমরা জানতে পেরেছি, চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এবং নিরাপদ পানির অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের জন্য এখানে ডিপ টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নিই। পাশাপাশি প্যারেড মাঠে খেলাধুলা করতে আসা মানুষের জন্য পর্যাপ্ত ওয়াশরুম ও টয়লেটের সুবিধা না থাকার বিষয়টিও আমাদের বিবেচনায় আসে। এসব প্রয়োজনের কথা মাথায় রেখেই ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন গড়ে তোলা হয়েছে। আমরা চাই, এ উদ্যোগের মাধ্যমে মানুষ বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুবিধা পাবে।”
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে। ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












