জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অনুষ্ঠিতব্য ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সদস্য–সাথীদের সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে হবে। এ সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে আগামী ২০ অক্টোবর নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিতব্য প্রাক্তন সদস্য ও সাথীদের সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
নগর আমির বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু–নির্বিশেষে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সমপ্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং হিন্দু সমপ্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর অফিস সম্পাদক হামেদ হাসান এলাহী, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, বন্দর থানা আমির মাহমুদুল আলম চৌধুরী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











