চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আকুবদন্ডী ফুটবল একাডেমি। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৩–২ গোলে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। এতে আকুবদন্ডী ফুটবল একাডেমি প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। খেলার নির্ধারিত সময় দুই দল প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল খেললেও কেউ গোলের দেখা পায়নি। দুটো দলই সমানতালে লড়াই করার চেষ্টা করেছে। সুযোগও পেয়েছে। কিন্তু কেউই সে সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে, তুলনামূলক ভাবে বড়উঠান ক্রীড়া সংস্থা সহজ সুযোগ হাতছাড়া করে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় নির্ধারিত ৬০ মিনিট এবং অতিরিক্ত ১০ মিনিটের খেলায় কোন গোল না হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিজয়ী আকুবদন্ডী ফুটবল একাডেমির পক্ষে টাইব্রেকারে অর্ক নাথ, তাহজীবুল ইসলাম রিয়ান ও মাহাথির হাসান মুরসি গোল করে। অন্যদিকে বিজিত বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির হয়ে আরাফাত হোসেন তামিম ও শাখায়াত হোসেন শাওন গোল করতে সমর্থ হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডী ফুটবল একাডেমির গোলরক্ষক মুনতাসির আলম। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিডিএফএর সিনিয়র সহ–সভাপতি কৃতী ফুটবল প্রশিক্ষক নজরুল ইসলাম লেদু। আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে রামপুর ফুটবল একাডেমি বনাম ডায়নামিক ফুটবল একাডেমি। বিকাল ৩.৩০ টায় এ খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে।











