রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

প্লট বরাদ্দে দুর্নীতি

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত–৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন– রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের ছেলে শওকত আজিজ ও আশফাক আজিজ।

রায়ে রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

অপরদিকে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। মামলার বিচার চলাকালে ৯ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন।

পূর্ববর্তী নিবন্ধখাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা, মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে আঞ্জুমানের কেন্দ্রীয় বর্ধিত সভা আজ