স্বর্ণের দোকানের শোকেসে দামি গহনার বদলে ঝুলছিল অজগর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় স্বর্ণের দোকানের শোকেসে দামি গহনার বদলে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে ‘সন্ধ্যা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারটির ঠিক পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। বুনো পরিবেশ হওয়ায় জঙ্গল থেকে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসা নতুন কিছু নয়। তবে রাতের বেলা হঠাৎ দোকানের শোকেসের ভেতরে সাপটিকে দেখে প্রথমে ঘাবড়ে যান দোকানিরা।

দোকানের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, রাতের ওই মুহূর্তে শোকেসে সাপ দেখে তিনি রীতিমতো শিউরে ওঠেন। পরে স্থানীয় লোকজনের সাহসিকতা ও সহযোগিতায় সাপটিকে কৌশলে নিচে নামিয়ে আনা হয়। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয়রা খবর দেওয়ার পর কাপ্তাই বন বিভাগের রেঞ্জের কর্মকর্তা মামুনুর রশিদ ও তার টিম দ্রুত পদক্ষেপ নেন। বন বিভাগ জানায়, এর আগেও এই এলাকার বাজারে ছোট আকারের অজগর আসার ঘটনা ঘটেছে। তবে ১৪ ফুটের এত বড় অজগর এর আগে কখনো দেখা যায়নি। মঙ্গলবার সকালে বন বিভাগের হেফাজতে নেওয়া হয় সাপটিকে। মানুষের ভিড় ও কোলাহল থেকে দূরে স্থানীয় রাম পাহাড়ের গহিন অরণ্যে সেটিকে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা
পরবর্তী নিবন্ধরিয়াদের পর দাম্মাম ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান