চট্টগ্রাম শহরসহ আশপাশের এলাকার পরিকল্পিত, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাস্টারপ্ল্যান প্রণয়নবিষয়ক অংশীজনদের নিয়ে একটি পার্টিসিপেটরি র্যাপিড এপ্রেজাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ইপসা’র বাস্তবায়ন সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নগর ও অঞ্চল পরিকল্পনা, আবাসন, সড়ক যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, খাল ও জলাশয় রক্ষা এবং নাগরিক সুযোগ–সুবিধা সমপ্রসারণসহ পরিকল্পিত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি সুজন দাশ। কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী বাবুল আরাফাত।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম। এ ছাড়া অরূপ বড়ুয়া, সার্কেল কমিউনিকেশনের প্রতিনিধি এবং ইপসার প্রজেক্ট অফিসার এস এম শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি–পেশার অংশীজনেরা অংশগ্রহণ করেন।
আলোচনায় চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত আবাসন, যানজট, জলাবদ্ধতা, খাল ও জলাশয় ভরাট, উন্মুক্ত স্থান সংকুচিত হওয়া এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে নগর ও আশপাশের এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাস্টারপ্ল্যানের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং নাগরিক চাহিদাভিত্তিক এসব মতামত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।












