নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের (৪৮) নামাজে জানাজা গতকাল সোমবার সকাল সোয়া ১১ টার দিকে রাউজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার রাতে তার মরদেহ অ্যাম্বুলেন্স যোগে আনা হয়েছিল রাউজানের বাড়িতে। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরচার আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগের সাবেক এই নেতা ১৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। তিনি দীর্ঘ সময় ফুসফুস ও পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর সেখানে মারা যান। তার মরদেহ গত ১১ অক্টোবর সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে আনা হয় লাশ। মরদেহ গ্রহণ করেন তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। গহিরার মরহুম আবছার উদ্দিন হায়দার চৌধুরীর ছেলে রোটন মৃত্যুকালে স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।












