চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ধর্মীয় সমপ্রীতি আমাদের অহংকার ও গর্বের জায়গা। এই সমপ্রীতি কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে। জেলা প্রশাসক গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ.ন.ম. নোমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফৌজুল কবির ফজলু, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন কান্তি বিশ্বাস এবং দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের অধীন লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক সুজন নাথ।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও সালাহ উদ্দিন চৌধুরী সোহেলসহ অনেকে। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ট্রাইসাইকেল এবং সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। পরে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত সুইমিংপুল উদ্বোধন করেন। এছাড়া পদুয়া গুপ্তবাড়ি ও বাসুদেব সার্বজনীন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।











