হোটেলে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

পুরাতন রেল স্টেশন এলাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

বিয়ের প্রলোভনে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের হোটেল হেরিটেজের ১১২ নম্বর কক্ষে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা হলেও গতকাল সোমবার বিষয়টি জানাজানি হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থেকে ওই কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান।

এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজের দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে ওঠেন লোকমান। রাতে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে ওই কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর রেলওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে গত ১১ অক্টোবর রোববার ভোরে লোকমানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা পুনর্বিবেচনা করা হবে : পরিবেশমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাপা চেয়ারম্যানের বাসায় হামলা