সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সিঙ্গাপুরের জুরং ইস্টের নেস্ট ডরমিটরি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীনেশ বাসু দাস। এ সময় তিনি সিঙ্গাপুরের বিভিন্ন খাতে বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের অবদান তুলে ধরেন। তাদের কল্যাণে সংশ্লিষ্ট সংগঠন ও সরকারি সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন, সহ-সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জি এম সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ক্যাপ্টেন মোঃ ইমরান কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম ও সমাজকল্যাণ সচিব মোহাম্মদ বিল্লাল হোসাইন।
স্মারকের আওতায় বাংলাদেশি মাইগ্র্যান্ট ওয়ার্কারদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে যথাযথভাবে জনশক্তি মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি কর্মক্ষেত্র, আবাসন, নিরাপত্তা, কল্যাণ ও কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে কর্মীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা দিতেও সোসাইটি ভূমিকা রাখবে।
সোসাইটির নেতারা বলেন, সিঙ্গাপুরে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দেশটির অর্থনীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন। তাদের সমস্যা ও উদ্বেগ সংগঠিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর যোগাযোগ ও সহযোগিতার কাঠামো প্রয়োজন ছিল। এ স্মারক সেই সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করবে।
তারা আরও বলেন, কর্মীদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
সোসাইটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতে জনশক্তি মন্ত্রণালয়, নিয়োগকর্তা, ডরমিটরি কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মীদের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমঝোতা স্মারক সিঙ্গাপুরে বাংলাদেশি মাইগ্র্যান্ট কমিউনিটির কল্যাণে নতুন অধ্যায়ের সূচনা করবে।












