দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে সিনেমাতে সর্বাধিক গান করেছিলেন। প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীবাসীর কাছে কনকচাঁপা অনুরোধ করেছেন, কিংবদন্তি শিল্পীর স্মৃতি রক্ষায় কোনো একটি স্টেডিয়ামের নাম ‘এন্ড্রু কিশোর’–এর নামে করা হোক। এদিকে কনকচাঁপার শিল্পীর ঝুলিতে আছে সাড়ে তিন হাজারের বেশি সিনেমার গান, চল্লিশটির বেশি একক গানের অ্যালবাম। খবর বাংলানিউজের। ব্যস্ততম দিনগুলোর কথা স্মরণ করে কনকচাঁপা সমপ্রতি জানিয়েছেন, এমনও দিন গেছে একই দিনে পাঁচটি স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ড করেছেন। এরকম ঘটনা তার জীবনে ঘটেছে পাঁচ থেকে সাতবার। সমপ্রতি কনকচাঁপা অতিথি হিসেবে অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–তে। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম–এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্টটি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে শিল্পী কনকচাঁপা’র না বলা অনেক কথা। প্রয়াত চিত্রনায়ক সিনেমাতে মাত্র দুইবার প্লেব্যাক করেছিলেন। দুইবারই কনকচাঁপা ছিলেন তার সহশিল্পী। কনকচাঁপা বলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর–সংগীতে আমি আর সালমান শাহ গান করি। সালমান শাহ পেশাদার শিল্পীদের মত স্টুডিওতে এসে গান করেছিল, এতটুকু ভোগায়নি। পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।











