অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়কের মতে, জুটি গড়ে না ওঠায় ম্যাচে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে হারলেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক দেখছেন তিনি। ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘কোনো জুটি গড়ে ওঠেনি, তাই আমরা খেই হারিয়ে ফেলি। তবে ইতিবাচক দিকও অনেক আছে। হাবিবা পিংকি আক্রমণাত্মক ও মারকুটে ছিল। যার হাতেই বল গেছে, সে সঠিক জায়গায় বোলিং করেছে।’ ব্যাটিংয়ের শুরুতে উইকেট হারানোকে বড় সমস্যা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। শুক্রবার ৮ ওভারের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। নতুন বলে আরও সতর্ক থেকে পাওয়ারপ্লেতে উইকেট ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, ‘নতুন বলের বিপক্ষে খেলার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, পাওয়ারপ্লেতে এত বেশি উইকেট হারানো যাবে না। নিয়ন্ত্রণ ফিরে পেতে শান্ত ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। পরের ম্যাচে সেই প্রত্যাশাই থাকবে।’ প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য।












