এশিয়ান হকির মর্যাদাপূর্ণ আসর ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬’–এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। টুর্নামেন্টের অনুমোদিত সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল–সবুজের প্রতিনিধিরা। গত ৮ অক্টোবর আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ও এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) যৌথ অনুমোদনে টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়। এবারের আসরে ছয়টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক ভারত ছাড়াও প্রতিযোগিতায় রয়েছে মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও বাংলাদেশ। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের হকি দল। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় তাদের পরিবর্তে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।











