কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় সৈয়দ শফিকুল রহমান (৫৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় সাফা মোতালেব কলেজসংলগ্ন রেললাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত সৈয়দ শফিকুল রহমান বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকুবদন্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মরহুম আবুল হোসেনের মেজ ছেলে।

নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর মেজ ভাই (শফিকুল) আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ শনাক্ত করি।

পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দ শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়েছিলেন তিনি।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম শ্রেণীর পৌরসভা, জনবলসহ নানা সংকট
পরবর্তী নিবন্ধকাটা ঘুড়ি আনতে গিয়ে ফ্লাইওভারে সিএনজির ধাক্কা, প্রাণ গেল কিশোরের