তার জ্ঞান ফিরেছে। একটু একটু কথাও বলছেন। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে গত সপ্তাহে ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টায় বেঁচে যাওয়া সেই নারী আসামি ক্রিস্টা পাইকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিস্টার আইনজীবীরা জানান, হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় তাকে এখনও মেডিকেল কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর বিডিনিউজের।
একজন চিকিৎসক জানান, পাইক ইশারা ইঙ্গিতে বা হালকাভাবে কথাবার্তা বলতে পারছেন। তবে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনাটি তার মনে নেই।
১৯৯৫ সালে কলিন স্লেমারকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন ক্রিস্টা পাইক। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে টেনেসিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার শরীরে প্রাণঘাতী বিষপ্রয়োগ করা হয়। একবার নয়, পর পর দু’বার। কিন্তু তার পরও মৃত্যু হয়নি বছর ৫০ এর এই নারী বন্দির।











