নগরীর ছোটপুল কাঁচা বাজার থেকে পুলিশ লাইন সড়ক পর্যন্ত দীর্ঘদিন অবহেলিত ও দখলকবলিত সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে বর্তমানে কার্পেটিং (পিচ ঢালাই) কাজ চলমান রয়েছে।
চলমান কার্পেটিং কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন চসিক প্রধান নির্বাহী ও সচিব আশরাফুল আমিন।
পরিদর্শনকালে তিনি সড়কের চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং কার্পেটিংয়ের বিভিন্ন ধাপ ও কাজের মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সড়কের উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় সড়কটির বিভিন্ন অংশে চলাচলে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি সড়কের বিভিন্ন অংশ দখলে থাকায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হতো। বর্তমানে সড়কটির উন্নয়ন ও কার্পেটিং কাজ বাস্তবায়িত হওয়ায় এ এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সড়কটির কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি নগরীর সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। নগরীর সড়ক অবকাঠামোর উন্নয়ন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।











