সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কয়েকদিন আগে চালানো হামলার বিষয়ে এ প্রতিক্রিয়া জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুতিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাটিতে ইচ্ছাকৃত এই হামলা ইসলামের পবিত্র স্থানগুলোর প্রতি অগ্রহণযোগ্য একটি আক্রমণ। খবর বিডিনিউজের।
ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী গত বৃহস্পতিবার জানায়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। এ কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে তারা। সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটেনি।
পবিত্র নগরী মক্কা ও মদিনার রক্ষক হিসেবে সৌদি আরবের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরে সেদিকে লক্ষ্য করে যেকোনো হামলার নিন্দা জানিয়ে আসছে বাংলাদেশ। হুতিদের ঠেকানোর জন্য সৌদি আরব নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটেও যোগ দেওয়ার কথাও জানিয়েছে বিএনপি সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সৌদি আরবের প্রতি ফের সংহতি জানিয়ে বলা হয়েছে, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজকীয় সৌদি আরবের সঙ্গে পূর্ণ সংহতি জানাচ্ছে বাংলাদেশ সরকার।












