সীতাকুণ্ডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে ভিডিও পোস্ট করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকার মৃত মো. সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।
পুলিশ জানায়, সমপ্রতি গ্রেপ্তার দুজন শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে একটি সঙ্ঘবদ্ধ দলকে শেখ হাসিনার জন্মদিন পালন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন পালনের পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (গতকাল) গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













