ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা–চট্টগ্রাম রেলপথে গতকাল উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় ২ ঘণ্টা বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে লাইনচ্যুতের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ। উদ্ধারকারী ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাহাড়িকা এঙপ্রেসকে উদ্ধারে যাচ্ছিল।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, সন্ধ্যার পর থেকে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধারকারী ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া দুর্ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার শুরু করেন রেলকর্মীরা। দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়। এতে করে ডাউন লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ পাশা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আখাউড়া রেলওয়ের ট্রাফিক পরিদর্শককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।













