চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেছেন, প্রাকৃতিক সম্পদ পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে ভারত। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা এই অঞ্চলের জন্য চরম হুমকিস্বরূপ। গতকাল বুধবার দুপুরে চবির জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ার হাইড্রোপলিটিক্স পানি বণ্টন, ক্ষমতা ও ভূরাজনীতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
তিনি বলেন, ভারত এক প্রকার বাংলাদেশের নদীগুলোকে হত্যা করছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। অধ্যাপক ড. মাহফুজ পারভেজ বলেন, ভারত পানিকে পররাষ্ট্র নীতির হাতিয়ার বানিয়ে অপর রাষ্ট্রকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। এ সময় তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতকে আধিপত্যবাদী মনোভাব পরিহার করে ন্যায্যতা, সমঝোতা ও যৌথ নদী ব্যবস্থাপনার ভিত্তিতে পানির অধিকার প্রতিষ্ঠা করার পরামর্শও দেন।
গবেষণা ও যুব সংগঠন ‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি’ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মাদ তানবীরুল ইসলাম।
তিনি বলেন, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু কিংবা তিস্তার মতো নদীগুলো শুধু পানির উৎসই নয়, এগুলো এই অঞ্চলের কৃষি, জীবিকা, সংস্কৃতি ও মানুষের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত।
তানবীরুল ইসলাম বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ কোনো রাষ্ট্রীয় সীমানা অনুসরণ করে না। ফলে একই নদী যখন একাধিক রাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন পানি আর শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ থাকে না। তখন এটি কূটনীতি, অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়।
সেমিনারে আলোচক ছিলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সামছুদ্দিন ইলিয়াস ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সালেহ নোমান। ড. কাজী মো. বরকত আলী বলেন, গবেষণাধর্মী তথ্যের ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে জনবান্ধব চুক্তি করে পানি বণ্টন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।











