ককপিটে পাইলটদের মারামারি, জরুরি অবতরণ

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

যাত্রীদের ফেরাতে ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করল সৌদি

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের ফ্লাইট থেকে নিজেদের যাত্রীদের ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠাতে চেয়েছিল ইসরায়েল। তবে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দুই নিরাপত্তা কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।

ইসরায়েলের অনুরোধ ফেরানোর বিষয়ে সৌদি আরবের সরকারি গণমাধ্যম কার্যালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের কোনও জবাব দেয়নি। এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যাত্রীদের ফিরিয়ে আনতে ইসরায়েলের বিমান বাহিনী ‘সুপার হারকিউলিস’ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। ওদিকে ফ্লাইদুবাই এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীরা তাদের উড়োজাহাজে করেই নিজ নিজ গন্তব্যে ফের যাত্রা করবেন। খবর বিডিনিউজের।

বুধবার ককপিটে পাইলটদের মারামারির জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবের উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীবাহী একটি উড়োজাহাজ সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এক পাইলট আরেক পাইলটকে ছুরি মেরে উড়োজাহাজটি বিধ্বস্ত করা এবং এর যাত্রীদের মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ইসরায়েল সরকার ঘটনাটিকে ইসরায়েলি যাত্রীদেরকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসাবে উল্লেখ করেছে।

ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর সময় প্রায় ১০৮ জন ইসরায়েলি যাত্রীবাহী ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড ১০৭৩ এর ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হলে জরুরি সংকেত পাঠানো হয়। এতে কিছু সময়ের জন্য উড়োজাহাজটি ছিনতাই হয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। পাইলটদের মধ্যে মারামারি চলাকালে উড়োজাহাজটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল বলে জানায় ফ্লাইটরাডার২৪।

সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কায় ইসরায়েলের কর্মকর্তারা যুদ্ধবিমান পাঠান। পরে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল পোনে ১০টার দিকে জরুরি অবতরণ করে। এরপর উড়োজাহাজের আহত ক্যাপ্টেন ও কো–পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। ফ্লাইটের এক যাত্রী জানিয়েছেন, একজন পাইলট খুব গুরুতরভাবে আহত এবং অন্যজন সামান্য আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধন্যায়বিচার নিশ্চিতে নবীন আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে
পরবর্তী নিবন্ধছিনতাই করা ট্যাংকারের ৫ নাবিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা