ন্যায়বিচার নিশ্চিতে নবীন আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে

জেলা আইনজীবী সমিতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনে মেয়র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ থাকলে আইন পেশায় উন্নতি করা সম্ভব।

গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, আইন পেশা একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ ও মহৎ পেশা। এ পেশায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ অপরিহার্য। শিক্ষানবীশ আইনজীবীদের সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি তাঁদের পেশাগত কর্মকাণ্ড, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করতে হবে। আজকের শিক্ষানবীশ আইনজীবীরাই আগামী দিনের বিজ্ঞ আইনজীবী। তাঁরা চট্টগ্রামের আইনজীবী সমাজের দীর্ঘদিনের ঐতিহ্য ও পেশাগত মর্যাদা সংরক্ষণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের দায়িত্বশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আইনজীবীরা মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না, বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত আচরণ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে স্মরণ করে তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান মেয়র। একইসঙ্গে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবী সমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ–সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক সভাপতি আবদুস সাত্তার, মুহাম্মদ এনামুল হক, জেলা জিপি মো. কাশেম চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সমিতির চার শতাধিক শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসেঞ্চুরিয়ান লায়ন্স ও লিও ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন
পরবর্তী নিবন্ধককপিটে পাইলটদের মারামারি, জরুরি অবতরণ