রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়ন পরিষদে পাঠাগার হবে

বেতাগী ইউপি পরিদর্শন ও পাঠাগার উদ্বোধনে স্থানীয় সরকারের উপ-পরিচালক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ হচ্ছে একটা ছোট বাংলাদেশ। দেশে যেসব কার্যক্রম হয়, সেই সব কার্যক্রমও এখান থেকে হয়। যেখানে সব ধরনের নাগরিক সেবা পাওয়া যায় ও সরকারের সব এজেন্ডা বাস্তবায়িত হয়।

রাঙ্গুনিয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে স্থানীয় সরকারের (চট্টগ্রাম) উপ–পরিচালক গোলাম মাইনউদ্দিন হাসান এসব কথা বলেন। তিনি বলেন, গ্রাম আদালতে বিচার–শালিস ও সেবা কার্যক্রম যেন কোনোভাবেই অপেক্ষমাণ না থাকে। মানুষ যেন এখানে এসে সহজে গ্রাম আদালতের মাধ্যমে তার বিচার পেতে পারে। পাশাপাশি জনপ্রতিনিধি ও সচিবদের দক্ষতা বৃদ্ধিতে পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত ২৮ সেপ্টেম্বর সফরের শুরুতে তিনি প্রথমে বেতাগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের একটা পাঠাগার উদ্বোধন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং প্রতিটি পরিষদের জনপ্রতিনিধি ও দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে এ ধরনের পাঠাগার স্থাপন করা হবে। পাঠাগারগুলোতে নিয়মিত দৈনিক পত্রিকা রাখার ব্যবস্থা করার পাশাপাশি পরিষদের সার্বিক সেবা কার্যক্রম গতিশীল ও জনবান্ধব করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সচিব

পূর্ববর্তী নিবন্ধলিগ্যাল এইডকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধকদম মোবারক ব্যবসায়ী সমবায় সমিতির চারা বিতরণ