দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়া হবে চসিকের সব শিক্ষককে : মেয়র

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

চসিক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ২দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার লালদিঘি চসিক পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চসিকের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক। এভাবে ধাপে ধাপে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত সকল শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সিটি কর্পোরেশন বিনিয়োগকে ব্যয় হিসেবে দেখি না; বরং এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করি। শিক্ষকদের বেতন–ভাতাসহ শিক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই। প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই মর্মে যে নির্দেশনা দিয়েছেন, তার আলোকে আমরা চসিকে কর্মরত প্রত্যেক শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আজকে এখানে ৬০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ধাপে ধাপে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে এভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।

মেয়র বলেন, একজন শিক্ষককে শুধু শিক্ষক হিসেবে নয়, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। একটি শিশু ঘর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পর তার দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষকের ওপর বর্তায়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শিক্ষার্থী অস্বাভাবিকভাবে চুপচাপ থাকলে, ক্লাসে অনাগ্রহ দেখালে কিংবা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে না চাইলে বিষয়টি শিক্ষকদের নজরে রাখতে হবে। প্রয়োজনে ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদাভাবে কথা বলে তার সমস্যার কারণ জানার চেষ্টা করতে হবে। তিনি বলেন, অনেক শিক্ষার্থী যথাযথ কাউন্সেলিংয়ের অভাবে তাদের সম্ভাবনা অনুযায়ী বিকশিত হতে পারে না। এ কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মানসিক সহায়তা ও কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

এ লক্ষ্যে চসিকের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মেয়র। চসিকের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেন মেয়র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। এ সময় চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, শিক্ষক–শিক্ষিকা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসত্যিকার আন্তর্জাতিকমানের মেলা হবে ৩২তম সিআইটিএফ