সাজেকে দুই আঞ্চলিক দলের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে মাচালং এলাকার চাইল্যাতলীতে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশু মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকালে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংঘাতের মধ্যে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ফেরাতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি