সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ১৫৮ জন, যা এবছরে একদিনের নিরিখে সর্বোচ্চ। এর আগে গত মঙ্গলবার ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন, যা তখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা ছিল।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয় জন মারা গেছে; এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৫৫ জন। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত এ বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। এর মধ্যে কেবল সেপ্টেম্বরই মারা গেছে ১২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, খুলনায় ৩২৯ জন, ময়মনসিংহে ১৩২, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৭৩ ও সিলেটে ১২ জন ভর্তি হয়েছেন। বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৭৩ হাজার ৬৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৮ হাজার ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন। হাম : গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৫ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮১, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। বুলেটিনে আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ১৫৫ জন ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩০৯ জন, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, খুলনায় ৯৩, ময়মনসিংহ ৯৬, রাজশাহীতে ২৮ ও রংপুরে ৩৬ জন।













