কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবির সহযোগিতায় পেকুয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তাররা হলেন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জান্নাত এবং একই এলাকার সুলতান আহমদের মেয়ে সালমা বেগম। নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় একটি নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে। এ সময় ইউসুফ আলীর সঙ্গে মামলার আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর তাকে আছাড় মারার অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন। স্থানীয়রা গুরুতর আহত ইউসুফ আলীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।













