চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। একই সময়ে তথা গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জনই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৮২ জন ডেঙ্গু রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন।










