বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে একটি চা–নাশতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাজারের আল সারুজ হোটেলসংলগ্ন জমির উদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানের দ্বিতীয় তলায় নাশতা তৈরির সময় গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র থাকায় সেখান থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। দোকানের মালিক জমির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দোকানের বিপুল পরিমাণ মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দুটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আশপাশের দোকানেও ক্ষয়ক্ষতি হতে পারত। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হলেও অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জলদী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জমির উদ্দিনের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।












