নগরীর টেরিবাজারে এক শ্রমিককে মারধর করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জিলানি কমপ্লেক্সের মালিক মুন্নুকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ জরিমানা করা হয়। এর আগে সকালে শ্রমিককে মারধরের ঘটনাটি ঘটে। এর জেরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং লোড–আনলোড ও পরিবহন কার্যক্রম বন্ধ করে দেন। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। কোনো অবস্থাতেই শ্রমিক, কর্মচারী কিংবা অংশীদার কারও গায়ে হাত তোলা যাবে না। ঘটনায় জড়িত ব্যবসায়ীকে আমরা ৫ হাজার টাকা জরিমানা করেছি। সেই সাথে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।











