যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে প্রার্থী জোহরান মামদানির নামে কত কী–ই না বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমিউনিস্ট উন্মাদসহ আরও অনেক কড়া ভাষায় মামদানির সমালোচনা করেছিলেন তিনি। খবর বিডিনিউজের।
পাল্টা মামদানিও কড়া ভাষায় ট্রাম্পের সমালোচনা করতে ছাড়েননি। তিনি ট্রাম্পকে প্রকাশ্যে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট বলে অভিহিত করেছিলেন। সেই তিক্ত বাগযুদ্ধ ভুলে এবার বন্ধুত্বই দেখা গেল দুইজনের মধ্যে। নিউ ইয়র্কের মেয়র পদে মামদানির জয়ের পরই কিছুটা সুর নরম করেছিলেন ট্রাম্প। এবার তিনি মামদানির প্রশংসায় হয়েছেন পঞ্চমুখ। সোমবার মামদানির সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেছেন, তিনি নিউ ইয়র্কের দারুণ মেয়র হবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন ট্রাম্প। উঠেছেন ম্যানহাটনে মেয়র মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে। সোমবার সেখানেই ট্রাম্পের সঙ্গে দেখা করেন মামদানি। দুইজন রুদ্ধদ্বার বৈঠকও করেছেন।












