এশিয়ান গেমসের কাবাডিতে গতকাল জাপানের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচে জিততে পারলে সেমিফাইনালের পাশাপাশি অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে পারতো বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। জাপানের কাছে ৪০–৩৭ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ পুরুষ দল। টোকাই সিটিজেন জিমনেসিয়ামে গতকাল স্বাগতিক জাপানের কৌশল, শক্তিমত্তার সামনে পেরে উঠেনি বাংলাদেশ। প্রথমার্ধে জাপান ৩১–২০ পয়েন্টে এগিয়ে ছিল। পুরো ম্যাচে জাপানের ৪টি লোনার বিপরীতে বাংলাদেশ পেয়েছে ২টি। আগের দিন গ্রুপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ পদকের সম্ভবনা জাগিয়ে তুলেছিল। গতকাল জাপানের সাথে জিততে পারলে সেমিফাইনালের টিকেট কাটতো লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ পর্যন্ত খালি হাতে গেমস থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। সেই সাথে এবারের গেমসে পদকের সম্ভবনাও ক্ষীন হয়ে আসলো। আজ গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।












