অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে

মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশে অধ্যক্ষ নুরুল আমিন

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক ও জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জনগণের ওপর রাতের আঁধারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকার জনগণের কষ্ট ও দুর্দশা বোঝার মতো অবস্থায় নেই। মানুষের আয়রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে।

তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। দেশে খুন, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ বেড়েই চলেছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আবার সন্ত্রাস ও অস্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকার পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়প্রশ্রয় দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে জনগণ দিন দিন দুর্বিষহ অবস্থার দিকে যাচ্ছে। জনগণের দাবি ও দুর্ভোগ অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মকবুল আহমদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, খুলশি থানা আমির আলমগীর ভুঁইয়া, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, সেলিমুজ্জামান, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের বীমা দাবির ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধমীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের সমস্যা সমাধানে বেপজা চেয়ারম্যানের নির্দেশ