ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টিটোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন নিগার সুলতানা জ্যোতি। টিটোয়েন্টির অধিনায়ক হিসেবে চার বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটবে জ্যোতির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষকব্যাটার জ্যোতি। তিনি জানান, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। খবর বাসসের।

জাপানের নাগোয়ায় গতকাল এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের ব্যবধানে হারের পর জ্যোতি বলেন, ‘আমি মনে করি একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দেশের বা দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি সেদিকেই মনোযোগ দিতে চাই। এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।’ ২০২২ সালে টিটোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি ম্যাচ খেলে ৩২টিতে জয় এবং ৪৮টিতে পরাজিত হয় টাইগ্রেসরা। তার অধীনেই টিটোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছিল টাইগ্রেসরা। সমপ্রতি ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি জ্যোতি। ২০২৬ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৩৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৩২, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭, ভারতের বিপক্ষে ৩২ এবং পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করেন তিনি। এ বছরের টিটোয়েন্টি এশিয়া কাপে চার ম্যাচে মোট ৫৬ রান করেন জ্যোতি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০, শ্রীলংকার বিপক্ষে ৪, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩ এবং সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৯ রান করেন তিনি। এছাড়া চলতি বছর ঘরের মাঠে শ্রীলংকার কাছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পায় তারা। এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে আবারও এশিয়ান গেমসের শেষ চার থেকে বিদায় নেয় বাংলাদেশ। টিটোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাবেন জ্যোতি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১৪ ঘণ্টায় মিলিয়ন পার করলো ‘বিষণ্ন মেঘ’