জাহাজ চলার পথে মাছ ধরার জাল ঠেকাতে সচেতনতা কার্যক্রম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপন ঠেকাতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ নৌপথে জাল পেতে মাছ ধরার কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কে স্থানীয় জেলে ও নৌযানচালকদের সতর্ক করার পাশাপাশি বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জাল দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বন্দরের মূল নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারি৮ ও দুটি স্থানীয় বোটের পাশাপাশি কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোট অংশ নেয়। কার্যক্রম চলাকালে নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপনের কারণে বড় জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্থানীয় মাঝিমাল্লা ও জেলেদের অবহিত করা হয়। বিশেষ করে বেহুন্দি জালসহ বিভিন্ন ধরনের মাছ ধরার জাল জাহাজ চলাচলের পথে স্থাপন না করার জন্য তাদের সতর্ক করা হয়। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জেলে ও নৌযানচালকদের মধ্যে নিরাপদ নেভিগেশন বিষয়ে বিভিন্ন তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়। নির্ধারিত নৌপথ, নেভিগেশনাল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় দায়িত্বশীলভাবে নৌযান পরিচালনা এবং বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য তাদের আহ্বান জানানো হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল চ্যানেল জাহাজ চলাচলের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নিয়মিত নজরদারির পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে বন্দরের মূল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় জাহাজ চলাচলের পথে মাছ ধরার জাল স্থাপন বন্ধে স্থানীয় জেলে ও নৌযানচালকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কার্যক্রমে নৌবাহিনী, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে সহযোগিতা করছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিন্সেস ডায়ানার ভাইয়ের প্রকাশিতব্য বইয়ে ৫ বিস্ফোরক দাবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই