ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ জব্দের তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআর। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এয়ারপোর্ট সার্কেলের একটি দল বিমানবন্দরের কাস্টমস হলের এক নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংক থেকে এসব স্বর্ণ উদ্ধার করেছে। খবর বিডিনিউজের।
শনিবার সন্ধ্যায় এ অভিযানের তথ্য দিয়ে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেটে এসব স্বর্ণ পেস্ট আকারে ছিল। এর মালিক পাওয়া যায়নি। ৪ দশমিক ২০৪ কেজি পেস্ট থেকে স্বর্ণ পৃথক করে প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের চলমান থাকার কথা বলেছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।
প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হতে পারে, বলেছে এনবিআর। পরীক্ষা করার পর স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে বলে কর আদায়কারী সংস্থাটি বলছে।













