দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেটের। ঢাকায় তিনজনের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
সরকারের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে দেশে ১০১ জনের মৃত্যু হলো। আর সংক্রামক এ ব্যাধির উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৯৫২ জনের। অর্থাৎ গত ছয় মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে এক হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৪২৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। খবর বিডিনিউজের।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে রোগটির উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৪৬, বরিশালে ১০৮, খুলনায় ৪২, ময়মনসিংহে ৫২, রাজশাহীতে ১৬ ও রংপুরে ১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৭ হাজার ৫৫৬। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন হাসপাতাল ছেড়েছেন।
দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।












