নগরীর ডবলমুরিং ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, পীর মুরিদীর আবহে পরিবেষ্ট না থেকে বায়তুশ শরফের পীর মুর্শিদরা ইহ ও পারলৌকিক কল্যাণে নিবেদিত থেকে যেভাবে দেশে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন তা অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত। বায়তুশ শরফের মহান পীর মোর্শেদগণ তাঁদের কর্ম, সেবা, দয়া ও আধ্যাত্মিক সাধনা দিয়ে মানুষের অন্তর জয় করেছেন, ইসলামের সৌরভ চারদিকে ছড়িয়ে দিয়েছেন। তিনি বায়তুশ শরফের উন্নয়নে এবং বায়তুশ শরফের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুশ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্ট আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার অন্যতম আয়োজন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করায় রাহবারে বায়তুশ শরফসহ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্টের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর (মা.জি.আ) সভাপতিত্বে ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম সাইফুল আলম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সহ–সভাপতি আবুল বশর আবু, সিএমপি কোতোয়ালী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, আনজুমনে ইত্তেহাদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, পেশ ইমাম মাওলানা মুছা কাজেমী প্রমুখ। পরে রাহবারে বায়তুশ শরফ সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে বায়তুশ শরফ স্বর্ণপদক পরিয়ে দেন। প্রেস বিজ্ঞপ্তি।













