ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন সোনাল দিনুশা। হাসান মাহমুদ ও অলি রবিনসনকে হারিয়ে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার। অগাস্ট মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আইল অব ম্যানের লুসি বার্নেট। গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের লড়াইয়ে থাইল্যান্ডের সুলেপোর্ত লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাইকে হারান লুসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখে মাস সেরার লড়াইয়ে জায়গা করে নেন হাসান। ৯ উইকেটে জেতা ওই ম্যাচের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট পান এই পেসার। দ্বিতীয় ইনিংসে ধরেন আরও তিন শিকার। আর ইংলিশ পেসার রবিনসন অগাস্টে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে ১৬ উইকেট নিয়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান। সেরার লড়াইয়ে তাদেরকে পেছনে ফেলেন দিনুশা। ভারতের বিপক্ষে গল টেস্টে দল ১৬৫ রানে হারলেও, নিজের কাজটা দারুণভাবে করেন তিনি। প্রথম ইনিংসে খেলেন ঠিক ১০০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮৪ রান। এরপর কলম্বোতে সতীর্থদের বাজে ব্যাটিংয়ে দলের হাল ধরেন দিনুশা। প্রথম ইনিংসে তার ১০৩ রানেও অবশ্য ফলো–অন এড়াতে পারেনি লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ফের ভারতীয়দের সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি। তার ১৩৩ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্য এক ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই ম্যাচে দারুণ এক কীর্তিও গড়েন দিনুশা। টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে ফলো–অনে পড়া দলের হয়ে জোড়া সেঞ্চুরি করেন তিনি। আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আইল অব ম্যানের প্রথম ক্রিকেটার বার্নেট। এবার দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে মাসসেরার স্বীকৃতি পেয়ে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।













