কক্সবাজারের রামুু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের নেতা মোনাফ সিকদার (প্রকাশ গুজা মোনাফ) এবং তার সহযোগী রানা নামের এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক মোনাফ সিকদার কঙবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি এবং বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া হত্যাসহ ডজন খানেক মামলার আসামি বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কঙবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ব্যানার ও ছবি ব্যবহার করে ঝটিকা মিছিল বের করেন যুবলীগের নেতাকর্মীরা। এই মিছিলের পরপরই মোনাফ সিকদারকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, রামু থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












