ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার নাম সিরাজুম মুনিরা ()। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরা সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুন্নবীর ছোট মেয়ে। তার বড় মেয়ে সীতাকুণ্ড বালিকা স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। আদরের একমাত্র বোনটিকে হারিয়ে সেসহ পরিবারের সবাই শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মনিরা ১০১২ দিন আগে জ্বরে আক্রান্ত হয়। এরপর থেকে তাকে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে চিকিৎসক দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করান। সেখানে তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মুনিরার মৃত্যু হয়।

মুনিরার বাবা মোহাম্মদ নুরুন্নবী বলেন, দুই মেয়ের মধ্যে মুনিরা ছোট। সে সীতাকুণ্ড উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত। ১০ থেকে ১২ দিন পর্যন্ত গায়ে জ্বর ছিল। তবে লাগাতার জ্বর থাকত না। এভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সীতাকুণ্ডে পরীক্ষানিরীক্ষা করার পর এক পর্যায়ে গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু মেয়েটি বাঁচল না। আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। দুনিয়াতে সবার শেষে এসে সবার আগে চলে গেল। শোকাতুর বাবা নুরুননবী বলেন, পরিবারের সবার খুব আদরের ছিল মনিরা। বড় ন্যাওটা ছিল আমার। আমি প্রতিদিন মসজিদে যাওয়ার সময় সে আমার পিছু নিত। ছোট্ট মেয়েটিকে বাদে জোহর নামাজে জানাজা শেষে হাসান গোমস্তা পারিবারিক কবরস্থানে দাফন করে এসেছি। তার শূন্যতা মেনে নিতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধসড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনে চসিকের উদ্যোগ, চার সদস্যের কমিটি
পরবর্তী নিবন্ধউৎপাদনে যাবার দুই দিন পর যান্ত্রিক ত্রুটি, আবারও অচল সিইউএফএল