মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর

বান্দরবানে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টটিউট অডিটোরিয়ামে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী। এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি উইন মং জলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পরিষদের সদস্য লুসাই মং এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক লিটন।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব সরকার মেধাবীদের যথাযথ মূল্যায়ন করে আসছে। আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী ছাত্রছাত্রীদেরই পালন করতে হবে।

শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষক স্বল্পতা একটি জাতীয় সমস্যা। তবে বান্দরবানের শিক্ষা খাতের এই সংকট দূর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অতীতের স্মৃতিচারণ করে তিনি জানান, অতীতে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জুনিয়র হাইস্কুল স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, যা বর্তমান সময়ে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি এলাকার পানীয় জলের সংকট সমাধান এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু