মির্জাখীল দরবার সড়কের বেহাল দশা, সংস্কার দাবি স্থানীয়দের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার সড়কটির বেহাল দশা হয়ে পড়েছে। গত জুলাইয়ের বন্যায় এটি ক্ষতবিক্ষত হয়ে যায়। এর আগে গত ২০২৩ সালের বন্যায়ও এটি ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য এলাকার স্কুলকলেজমাদ্রাসার শত শত শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ যাত্রী, ব্যবসায়ী, হাসপাতালের রোগীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুই দফা বন্যায় সড়কটি ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় এলাকাবাসীকে দীর্ঘদিন থেকে বিকল্প পথে যাতায়াত করতে অধিক সময় ব্যয় করতে হচ্ছে। এছাড়া দ্বিগুণ ভাড়াও গুণতে হচ্ছে।

এই ব্যাপারে এলাকার বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান জানান, সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ প্রতিষ্ঠানটি ধর্মীয় ঐতিহ্যগত কারণে খুবই সুপ্রসিদ্ধ। সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগনিত মানুষ ভক্তি এবং শ্রদ্ধা নিবেদনের জন্য মির্জাখীল দরবার শরীফে আসেন। তিনি বলেন, দুই বন্যায় মির্জাখীল দরবার শরীফের গুরুত্বপূর্ণ সড়কটি ক্ষতবিক্ষত হয়েছে। কিন্তু আজো সড়টি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ঐতিহ্যের কথা বিবেচনা করে মির্জাখীল দরবার শরীফ সড়কটি সহসা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধদুই দালালকে কারাদণ্ড দিল বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত
পরবর্তী নিবন্ধতিন বিদ্যালয়ের ৭৯৯ শিক্ষার্থী, ৯০টি বিজ্ঞান প্রজেক্ট