প্রতীক্ষিত ভালোবাসা

হৈমন্তী তালুকদার | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৯ পূর্বাহ্ণ

এক নিস্তব্ধ রাতের প্রহরে ভালোবাসার মাতাল হাওয়া,

কুয়াশার টুপটাপ, ঝিঁঝিপোকার শব্দে জোনাকির লাজুক আলো

সাদামাটা সবকিছু, কিন্তু অবশেষে স্বস্তির নিঃশ্বাসে প্রেম।

মাঝেমধ্যে তবে কী দূরত্বই সুন্দর! চোখের আড়ালে যে অদৃশ্য

অজানা প্রেম লুকিয়ে থাকে, হয়তো দূরত্বই সুন্দর! আধো

পূর্ণিমার একফালি চাঁদ লুকিয়ে দেখছে আমাদের সাদামাটা ভালোবাসা।

চায়ের চুমুকে তৃপ্তির মতোই যেন রোজ রোজ নতুন লাগে।

অপেক্ষার নীরবতা ভাঙুক শব্দের খৈ হয়ে। ভালোবাসা শব্দটা

চিঠির খামে কখনো কখনো জীবন্ত হয়ে ওঠে।

তোমার ভালোবাসার অনুরণন মোহিত করে নিঃশব্দে প্রতিটি নিঃশ্বাসে।

হিমহিম ঠাণ্ডায় তোমার ভালোবাসার উষ্ণতায় সকল স্বীকারোক্তি।

জানি ভালোবাসো! এক দীর্ঘ সময়ের বায়স্কোপের মতোই

মানুষের জীবনে ভালোবাসা। ভোরের আলোর মতোই পবিত্র সুন্দর,

যদি কথা রাখা যায়, নিজেদের বদলে নেওয়া যায় ওলটপালট করে।

কথা দিলাম, কথা দিলে, দুরন্ত আবহাওয়ায় পালতোলা নৌকার মতোই,

ভালোবাসার তীব্রতা নিয়ে দমকা হাওয়ায় জড়িয়ে রাখবে বুনোলতার মতো।

তবে বুনোফুল হয়ে ফুটুক প্রতীক্ষিত ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধভেজাল জঞ্জাল অন্তর্জাল