হাটহাজারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মির্জাপুরে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, মো. নজরুল ইসলাম প্রকাশ মিঠু। তিনি হাটহাজারীর মির্জাপুরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগাড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদউল আলম চৌধুরী মারুফ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছিলেন বিচারক। আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ১৩ অক্টোবর হাটহাজারীর মির্জাপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় কিশোরীটি। তিন দিন পর ১৭ অক্টোবর দানু মিয়া ব্রিক ফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ের একটি টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলামের বিরুদ্ধে ২০১৯ সালের ১৯ মার্চ চার্জশিট দাখিল করলে পরের বছরের ২০ জানুয়ারি আদালত তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতসূত্র আরো জানায়, কিশোরীকে ধর্ষণের পর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করেই থামেননি নজরুল ইসলাম। তার মরদেহ টয়লেটের ট্যাংকিতে লুকিয়েও রেখেছিল সে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের সেবা করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের : তদন্ত প্রতিবেদন