চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে তাসমিন নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে গতকাল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। পুরো বছরে মোট মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ৩ জন শিশু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৬ জন রোগী সরকারি–বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮ জন। সেপ্টেম্বরে আক্রান্ত হন ১ হাজার ১২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। গত আগস্টে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন, মৃত্যু হয়েছে ২ জনের। জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুজনের। জুনে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু হয় ১ জনের। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৬ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, সিএমএইচ হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮ জন।
উল্লেখ্য, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন।












